
নিউজ ডেস্কঃ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে সরকার একের পর এক আইন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের বার্ষিক কাউন্সিলে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘বর্তমানে যেসব আইন করা হচ্ছে, প্রত্যেকটি আইন বিশেষ করে সংবাদ মাধ্যমের জন্য যে নীতিমালা তারা বলে-মিডিয়া নীতিমালা। এর প্রত্যেকটি আইন, প্রত্যেকটি নীতিমালা করা হচ্ছে সংবাদ বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য।’
মির্জা ফখরুল বলেন, ‘আরেকটা সমস্যা হচ্ছে যে কথাটা আপনারা অনেকে বলেছেন; দেশে মিডিয়া হাউজগুলোর মালিক হচ্ছেন ব্যবসায়ীরা এবং তাদের এটা ছাড়া তারা টিকতে পারে না।’ আমাদের সমাজে একটা স্থায়ী ক্ষত সৃষ্টি হয়েছে। সেই ক্ষতটা হচ্ছে বিভাজন। আজকে দেখুন আপনারা এই সাংবাদিক ইউনিয়ন দুই ভাগ, আপনাদের সংবাদ কর্মীরা দুই ভাগ। অর্থাৎ একটা জায়গাও বিভক্তি ছাড়া নেই। চিকিৎসকরা দুই ভাগ.. এই প্রতিষ্ঠানগুলো আলাদা হয়ে গেছে।’ বিভাজন ও বিভক্তির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘যারা ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী তারা সরকারকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সবসময় বিভাজন সৃষ্টি করেছে। অর্থাৎ ক্ষমতায় থাকতে হলে ভাগ করে ফেলো…।’