
নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দুই বছর পরে নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকারবিরোধী দল। তারা নানা ধরনের মিথ্যাচার করছে। তিনি বলেন, আমি মনে করি- এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের রাজনৈতিকভাবে প্রস্তুত হতে হবে। বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার প্রস্তুতি আওয়ামী লীগের রয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, করোনা মহামারির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। কিন্তু এ নিয়ে দেশে হাহাকার তৈরি হয়েছে এমন কিছু হয়নি। মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-কষ্টে সবসময় তাদের পাশে ছিলেন থাকবেন। আমরা আজকে টিসিবির মাধ্যমে দেশের এক কোটি মানুষকে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী দিচ্ছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। দেশে কোনো হাহাকার হবে না, তারা কোনো অরাজকতা সৃষ্টি করতে পারবে না। আমরা খুব সচেতন। প্রয়োজনে আরও খাদ্য ও অন্যান্য সাহায্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো।