News71.com
 Bangladesh
 21 Mar 22, 10:59 AM
 171           
 0
 21 Mar 22, 10:59 AM

সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, আলোকিত মানুষ গড়তে হবে॥ রাষ্ট্রপতি

সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, আলোকিত মানুষ গড়তে হবে॥ রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি ও দেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ বলেছেন, সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, পুঁথিগত বিদ্যার পাঠ নয়, নোট মুখস্ত করে পাস করার শিক্ষা নয়, আমরা চাই সৃজনশীল মানুষ হবার শিক্ষা এবং কুসংস্কারমুক্ত ও খোলামনের আলোকিত মানুষ গড়ার শিক্ষায় দেশের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। রোববার (২০ মার্চ) বিকেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আবদুল হামিদ।সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারমান অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ।মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি কামাল আবদুল নাসের চৌধুরী।

রাষ্ট্রপতি বলেন, আমাদেরকে শ্রম বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিকল্পনা করতে হবে। প্রায়শই দেখা যায় শিক্ষার্থীরা নিজের আগ্রহ ও পছন্দের বিষয়ে পড়তে পারে না। ভর্তি পরীক্ষা দিয়ে যে বিষয়ে সুযোগ পায় সেটাই পড়তে বাধ্য হয়। এটা উচ্চ শিক্ষার মাপকাঠি হতে পারে না। তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে আমাদের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন