
নিউজ ডেস্কঃ রাজধানীতে নতুন তিন রুটে আরও ২২৫টি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। তবে কবে এসব বাস রাস্তায় নামবে, তা ঠিক না হলেও আগামী ৯০ দিনের মধ্যে প্রস্তুতিমূলক সব কাজ শেষ করা হবে বলে জানিয়েছে কমিটি।মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। সংস্থার প্রধান কার্যালয় নগরভবনের বুড়িগঙ্গা হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫ টি বাস—সব মিলিয়ে নতুন করে ২২৫টি বাস নামানো হবে।এর মধ্যে ২২ নম্বর রুটটি হলো ঘাটারচর থেকে, বছিলা, মোহাম্মদপুর টাউন হল, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে সুলতানা কামাল সেতু পর্যন্ত। ২৩ নম্বর রুট হচ্ছে বছিলা থেকে মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে কাঁচপুর পর্যন্ত। আর ২৬ নম্বর রুট হলো ঘাটারচর থেকে পলাশী মোড়, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।