
নিউজ ডেস্কঃ গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক ও অমানবিক বলে উল্লেখ করেছে বিএনপি। সোমবার (২১ মার্চ) দিনগত রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মঙ্গলবার (২২ মার্চ) গণমাধ্যমকে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ার ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, সেই সময় রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলোর খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক ও অমানবিক।
দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধীতা করার লক্ষ্যে বিইআরসির গণশুনানিতে একটি পাঁচ সদস্যের টিম পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। মির্জা ফখরুল বলেন, সভায় ১৯৭১ সালে ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে আহ্বান জানিয়েছিলেন সেই দিনটিকে এবং ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রামের কালুরঘাটে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।