News71.com
 Bangladesh
 23 Mar 22, 10:03 AM
 176           
 0
 23 Mar 22, 10:03 AM

সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের জনগণকে জাপান সম্রাটের শুভেচ্ছা॥

সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের জনগণকে জাপান সম্রাটের শুভেচ্ছা॥

নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতা দিবস এবং জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাপানের সম্রাট নারুহিতো। বঙ্গভবন প্রেস উইং জানায়, মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জাপানের সম্রাটের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন। সম্রাট নারুহিতো অভিনন্দন বার্তায় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের যে ভিত রচিত হয়েছিল তা আজ বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে বিস্তৃত।

জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে জাপানের অবদান এবং বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার ভূমিকা তুলে ধরেন। আবদুল হামিদ বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের বিনিয়োগ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন, ভবিষ্যতেও দুই দেশের এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন