
নিউজ ডেস্কঃ পর্যটন কর্পোরেশনের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ এবং তানভীর ইমাম অংশগ্রহণ করেন। সভায় ২৩তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং ২৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়। কমিটি বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ সুসংবদ্ধভাবে ব্যবহারের লক্ষ্যে বিদ্যমান নীতিমালা পরিমার্জনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।