
নিউজ ডেস্কঃ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আমাদের মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে- লেখাপড়া না করে মূর্খ থাকলে ভালো হতো। কারণ অন্তত ঘুষখোর এই অপবাদটা নেওয়া লাগতো না। আমরা লেখাপড়া শিখছি আর দুর্নীতি থেকে শুরু করে যাবতীয় দুষ্কর্মে লিপ্ত হচ্ছি। তিনি বলেন, দেশে শত শত বিশ্ববিদ্যালয় হয়েছে, কলেজ হয়েছে, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে। কয়জন শিক্ষার্থী বের হয়ে গরীব মানুষের জন্য কাজ করছেন?
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'কারাগারের রোজনামচা' পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কষ্ট লাগে যখন দেখি সারারাত একজন বাবা সন্তানকে মেডিক্যাল, বুয়েটে ভর্তির জন্য প্রশ্নপত্র কিনতে উন্মাদের মতো খুঁজছেন। এ থেকে আপনার সন্তান কি তৈরি হবে?