
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যদি সত্য প্রকাশের সাহস না থাকে, তাহলে মিথ্যা বলবেন না। সত্য লিখতে না পারলে অন্তত হলুদ সাংবাদিকতা করবেন না, মিথ্যা লিখবেন না। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, আমার লজ্জা লাগে যে লোকটা দেশটা স্বাধীন করেছিল, সেই বঙ্গবন্ধুকে ব্রিটিশরা পাকিস্তানিরা হত্যার সাহস পায়নি তাদেরকে আমরা পুরো বংশসহ হত্যা করেছি। আমি দলকানা রাজনীতিবিদ না। আমি একটা জিনিস বুঝি, ভালোকে ভালো, আর খারাপকে খারাপ বলব আওয়ামীলীগ করে দেখে সবাই ভালো আর অন্য দল করে দেখে সবাই খারাপ তা না। ভালো মানুষের এখন বড় অভাব। একটা সময় ছিল রাজনীতি মানে মানুষ তাকিয়ে দেখতো কে রাজনীতিবিদ। তাকে সম্মান করে সালাম দিত। এখন ভয়ে মানুষ সালাম দেয়। তবে সবাই এক না। তিনি বলেন, আমি বলি না নিজে পারফেক্ট, কেউ পারফেক্ট না। আমার পরে হাল ধরবে তোমরা। তোমাদের কপাল ভালো আমাদেরও ভালো একজন মানুষ সৃষ্টি হয়েছে এদেশে শেখ হাসিনা। তিনি এদেশের সম্পদ।