
নিউজ ডেস্কঃ শুধু স্লোগান বা মুখে নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। দীপু মনি বলেন, আমরা অনেক সময় স্লোগান নির্ভর থাকি। অনেক স্লোগানেই হয়তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলি। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। সেটা অনেক বেশি জরুরি, স্লোগানে বলার চাইতে অনেক বেশি জরুরি।
তিনি বলেন, স্লোগান কখনও কখনও খুব জরুরি, খুব শক্তিশালী এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই স্লোগান যেন হয় হৃদয় থেকে উচ্চারিত। সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হৃদয়ে ধারণ করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত যে আমরা এ বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলবো যাতে আমাদের নতুন প্রজন্ম, নতুন যত প্রজন্ম আসবে তারা সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে ধারণ করবে এবং সত্যিকারের বাঙালি হবে।