
নিউজ ডেস্কঃ ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের সামরিক বাহিনী বাঙলির জাতির ওপর যে গণহত্যা চালায় তাকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি জোরালো করতে স্বাধীনতা পক্ষের ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে এই দাবি আদায়ে স্বাধীনতার পক্ষের সব রাজনৈতিক দলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সাহস নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনেছেন। শেখ হাসিনার পক্ষেই সম্ভব ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায় করা। এই স্বীকৃতি আদায়ে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দলের দাবি জোরালো করা দায়িত্ব। এই দাবিতে শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিষয়টি নিয়ে জাতিসংঘের স্বীকৃতি আদায়ে কোনো রাজনৈতিক দল একটা কথা বলে না। মনে হয় যেন সব দায় আওয়ামী লীগের। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পদক বলেন, এটা নিয়ে অন্য কোনো সরকার কথা বলেনি। অনেক দিন হয়ে গেছে, এটি নিয়ে একদিন কথা বললে, চেঁচামেচি করলে লাভ হবে না। জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতে হবে। জাতিসংঘে এজেন্ডা নিয়ে কাজ করতে হবে। আমাদের লেগে থাকতে হবে। ইতিহাসের অনেক হত্যাকাণ্ড আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতি পায়নি।