
নিউজ ডেস্কঃ বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পু উল্টে ১ যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল সাত্তার (৪৬) পশ্চিম গোমদন্ডী টেক্সঘর এলাকার বাসিন্দা। আহতরা হলেন-নুর হোসেন (৩২), হেলাল (৩২) আবদুল জলিল (৭০), কালা মিয়া (৪৮)। তাদেরকে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় আদর কমিউনিটি সেন্টার থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ১৪ জন বরযাত্রীবাহি টেম্পু শহরমুখী একটি মোটরসাইকেলকে রাস্তা ছেড়ে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মিরাজ বিনতে মোস্তফা জানান, গুরুতর আহত আবদুল সাত্তারকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।