
নিউজ ডেস্কঃ যারা সরকারের উন্নয়ন দেখে না তাদের চোখের চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় (ভার্চ্যুয়াল) তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাদের চোখে কোনো উন্নয়নই নাকি দেশে হয় নাই। এখন বলতে হয় যে, আমরা তো একটা আই ইনস্টিটিউট করে দিয়েছি। যারা বক্তৃতা দেয় উন্নয়ন হয় নাই, চোখে দেখে না, আমার মনে হয় তাদের চোখ পরীক্ষা করা দরকার। তাহলে হয়তো দেখতে পাবে যে, উন্নয়ন হয়েছে কিনা।’ শেখ হাসিনা বলেন, ‘তাদের চোখে পড়ে না যে শতভাগ বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ডিজিটাল বাংলাদেশ তো বিদ্যুৎ ছাড়া চলতে পারে না। আজকে ডিজিটাল বাংলাদেশ তারা ব্যবহার করছে। এটা উন্নতি না?’ ‘আজকে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর বিদ্যুৎকেন্দ্র—এগুলি চোখে পড়ে না। এগুলো উন্নয়নের লক্ষণ না। আজকে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে—এটা উন্নয়ন, তাদের চোখে পড়ে না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, এটা তাদের চোখে উন্নয়ন না।’