
নিউজ ডেস্কঃ নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক্ষেত্রে স্কাউটিংয়ের মাধ্যমে স্কাউট আন্দোলনের নেতাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি। রোববার (২৭ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রী কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা স্কাউট ক্যাম্পের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, নতুন ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে সে ব্যাপারে সকলকে এগিয়ে আসতে হবে। স্কাউট আন্দোলন এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের চারিত্রিক গুণাবলি বিকাশে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মাতৃভূমি বাংলাদেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে স্কাউটরা রাখতে পারে অগ্রণী ভূমিকা। বিশেষ করে শিশু-কিশোর ও যুবদের মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প থেকে নিরাপদ এবং দূরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখতে পারে। স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল ও সৃজনশীল করে গড়ে তুলতে।