
নিউজ ডেস্কঃ রাজধানীর তিতুমীর কলেজের সামনে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এর জের ধরে বেশ কিছুক্ষণ মহাখালী এলাকার প্রধান সড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। সংশ্লিষ্টরা জানান, এনা পরিবহনের একটি বাসের স্টাফদের সঙ্গে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে স্টাফদের মারামারি হয়। এরপর শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তিমুমীর কলেজের সামনেসহ মহাখালী এলাকার প্রধান সড়কে এনা পরিবহনের একাধিক বাস আড়াআড়ি রেখে রাস্তা অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে আমরা জানতে পারি তিতুমীর কলেজের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের সঙ্গে এনা পরিবহনের স্টাফদের মারামারি হওয়ার জেরে শ্রমিকরা সড়ক অবরোধ করেন বলে জানা গেছে।