
নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা কিছুই বলবো না। কেননা, যে সংবিধান রয়েছে, তার অধীনে আইন এবং সাংবিধানিক বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নিয়েছি। বুধবার (০৬ এপ্রিল) গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নির্বাচনকালীন সরকার নিয়ে ইসির কিছু করার না থাকলেও সরকারকে প্রস্তাব দেওয়ার জন্য অনেকে সুপারিশ করেছেন, তা করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আমরা কিছুই বলবো না। কারণ আমরা কিন্তু শপথ নিয়েছি, যে সংবিধান বলবৎ আছে তার অধীনে আইন ও সংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি। সে কাজগুলোর কথা বলছেন সেগুলো রাজনৈতিক ব্যাপার, সেটা তারা তাদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।