
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ভাসানচর দ্বীপ পরিদর্শন করেছেন। সেখানে ২৫ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাস করছেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে যোগ দেন জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইউহো হায়াকাওয়া। বুধবার (০৬ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এসব তথ্য জানায়।
২০২২ সালের জানুয়ারিতে ভাসানচরে ইউএনএইচসিআর ও ডাব্লিউএফপির কার্যক্রম সমর্থনে দুই মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে জাপান। ভাসানচরে জাপান সরকার আরো কীভাবে সহায়তা দিতে পারে, সেই লক্ষ্যে জাপানি রাষ্ট্রদূত সেখানে সফর করেন। একই দিনে ভাসানচরে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে।জাপানি রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দল হাসপাতাল, খাদ্য বিতরণ কেন্দ্র, জীবিকা প্রকল্প, বাঁধ, শিক্ষা কেন্দ্র এবং নারী ও শিশুদের জন্য তৈরি কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। রাষ্ট্রদূত ইতো নাওকি আর্থিক ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও উদ্বাস্তুদের সেবা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থা, এনজিও, নৌবাহিনী এবং বাংলাদেশ সরকারের নিবেদিত কাজের প্রশংসা করেন।