
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ঋণ পরিশোধে কখনো ডিফল্টার (খেলাপি) হয়নি, হবেও না। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি অনেক মজবুত।বুধবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার সমাপনী বক্তব্যে শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতি কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেন।জি এম কাদের বলেন, কৃষি, পোশাকখাত ও রেমিটেন্স—এই তিনটির যে কোনো একটিতে কোনো সমস্যা হলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে পারে। শ্রীলঙ্কা ঋণ শোধ করতে পারছে না এবং ঋণ নিতে পারছে না।এরপর প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে বলেন, যত ঋণ নেওয়া হয়, সময়মতো পরিশোধ করা হয়। বাংলাদেশ কখনও ডিফল্টার হয়নি। বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি অনেক মজবুত।