
নিউজ ডেস্কঃ সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস, টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের একজন মোটরসাইকেল আরোহী, অপর দু’জন টমটমের যাত্রী ছিলেন। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি হরিপুর বাজারের অদূরে পৌঁছালে হঠাৎ করে একটি টমটমের পেছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে বাসের সামনে এসে পড়ে।
মোটরসাইকেল ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আরোহী নিহত হন। এ সময় বাসের সঙ্গে টমটমটিরও সংঘর্ষ হলে এক শিশুসহ দু’জন মারা যান। তারা টমটমের যাত্রী ছিলেন। সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এতথ্য নিশ্চিত করে বলেন, বাস-টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।