
নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের কারণে (কোভিড-১৯) দীর্ঘ দুই বছর বাংলাদেশ-ভারত ভ্রমণ ভিসা বন্ধ থাকার পর যৌথভাবে পুনরায় বাংলাদেশ-ভারত ভ্রমণ ভিসা চালু করেছে দুই দেশের সরকার। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় যাতায়াত শুরু হলেও দেশের সর্ব উত্তরের একমাত্র চতুর্দশীও স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) প্রান্তিক জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপারের অনুমতি পায়নি এখনো। তবে এ বন্দর দিয়ে মেডিক্যাল ও ব্যবসায়িক ভিসা চালু রয়েছে।
বুধবার (৬ এপ্রিল) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম। তিনি বলেন, করোনার কারণে দুই বছর ধরে বাংলাবান্ধা ইমিগ্রেশনসহ সব ইমিগ্রেশনে ভ্রমণ ভিসা বন্ধ ছিল। সরকার আবার ভ্রমণ ভিসা চালু করলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত কিংবা নির্দেশনা পাইনি। যদি সরকার বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে টুরিস্ট ভিসা চালু করে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।