
নিউজ ডেস্কঃ প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে রাজধানীর যানজট। প্রায় প্রতিটি সড়কে দিনভর গাড়ির দীর্ঘ জটলায় অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। কর্মঘণ্টার বাইরেও ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষায় থাকে রাজধানীবাসী। এই দুর্ভোগ যেন শেষ হওয়ার নয়। রোজার মাসে ঢাকায় আরও তীব্র হয়ে উঠেছে যানজট। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সড়কে তীব্র যানজটের চিত্র দেখা যায়। বিকল্প পরিবহনের যাত্রী বেসরকারি কর্মকর্তা মেহেদী হাসান। যাবেন মতিঝিল। মিরপুর ১২ নম্বর থেকে বাসে উঠেন অফিস যাওয়ার উদ্দেশ্যে। রোকেয়া সরণির কাজীপাড়া-শেওড়াপাড়া এসে জ্যামে পড়ে আটকে ছিলেন দীর্ঘ এক ঘণ্টা।
কথা হলে মেহেদী বলেন, ঢাকার সড়কগুলোতে এমন অবস্থা হয়েছে, এখন আর কোনো দিন-রাত নেই, সকাল-বিকাল নেই, সব সময় জ্যাম লেগেই থাকছে। প্রতিনিয়ত নষ্ট হচ্ছে আমাদের সময়। কেউ দেখার নেই। কেউ বলার নেই। সরকারের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে না কোনো সুব্যবস্থা। বিকল্প পরিবহনের কন্ডাক্টর মো. রাজিব বলেন, রোকেয়া সরণিতে জ্যাম লাগছে কাজীপাড়া ও শেওরাপাড়া এলাকার অংশে। ওই দুই এলাকার সড়কে মেট্রোরেল ও সংস্কার কাজের কারণে এক পাশ দিয়ে যাতায়াত করছে যানবাহন। সড়কের অন্যপাশ বন্ধ রাখা হয়েছে। এ কারণে সৃষ্টি হচ্ছে যানজট ও অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।