
নিউজ ডেস্কঃ র্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদাম নৃত্য, বুলিং অপসংস্কৃতি, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান বৃহস্পতিবার (৭ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। পরে আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান জানান, সম্প্রতি বিভিন্ন গণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিওচিত্র প্রচারিত হচ্ছে।
যেখানে দেখা যাচ্ছে র্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে কুরুচিপূর্ণ, অশ্লীল ও ডিজে পার্টির আয়োজন করা হয়। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান ও সুকুমার বৃত্তি সৃজনের কারিগর হওয়ার কথা সেখানে আজ সেই শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠ পোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপের মাধ্যমে কোমলমতি ছাত্র, ছাত্রীরা নিজের অজান্তে নৈতিক অধপতনে নিমজ্জিত হচ্ছে। এজন্য এসব কার্যক্রম বন্ধে রিট করা হয়েছে। রিট আবেদনে র্যাগ ডে’র নামে অশ্লীলতা বন্ধে নির্দেশনার পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, বুলিং অপসংস্কৃতি ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।