
নিউজ ডেস্কঃ পাঁচ বছরের জন্য পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার কাজ পেল কোরিয়া ও চীনের কোম্পানি। যৌথভাবে কাজটি পরিচালনা করতে ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৯২ লাখ টাকা। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
পদ্মা সেতুর টোল আদায় নিয়ে এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, টোল আদায় হবে, এটা জানি। কিন্তু টোলের পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। আমরা একটা কথা সুষ্পষ্টভাবে বলতে চাই—পদ্মা সেতুতে আমরা যে পরিমাণ খরচ করেছি, সেটা পূর্ণমাত্রায় টোলবাবদ আদায় করব। আমরা অন্যান্য প্রোজেক্টগুলো থেকেও টোল আদায় করছি, পদ্মা সেতু থেকেও টোল আদায় হবে। শুধু টোল আদায় নয়, মুনাফাও করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ প্রজেক্টের জন্য আমরা যে পরিমাণ খরচ করেছি তারচেয়েও বেশি আমরা অর্জন করব। সারাবিশ্বেও তাই করে। সারাবিশ্বে এ ধরনের প্রকল্পগুলো টোলভিত্তিকই করা হয়। টোলের হার এখনও ঠিক হয়নি। হলে আপনারা (গণমাধ্যম) জানতে পারবেন।