
নিউজ ডেস্কঃ বনরক্ষীদের হাতে নয়, এবার র্যাবের হাতে ধরা পড়েছে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ১২ শিকারি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১২টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের মোংলা উপজেলার জাপসি নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব সদস্যরা। এ সময় আটককৃতদের কাছ থেকে মাছ মারার বিষ, ৪টি জাল, ৫টি ইঞ্জিনবিহীন কাঠের নৌকা, বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা বিভিন্ন প্রজাতির ৪০০ কেজি মাছ ও ৫টি টর্চলাইট জব্দ করা হয়।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে র্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ। আটককৃতরা হলেন- মো. সাদ্দাম বৈদ্য (২৭), মো. শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মো. জাকির হোসেন (২৮), মো. খায়রুল মোড়ল (২৫), আ. সালাম গাজী (৩৬), মো. বাচ্চু সানা (৩৫), মো. আবু সাইদ সরদার (৩০), মো. নাজমুল সরদার (২৮), মো. আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), মো. সালাম সানা (৩০) ও ইকরামুল সরদার (৩১)। তাদের বেশিরভাগের বাড়ি খুলনার রুপসা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।