
নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের কোন সীমাবদ্ধতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা থাকা উচিত। তিনি শনিবার (০৯ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) উদ্যোগে ’ফিউচার অব এডুকেশন ইন বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা থাকা উচিত নয়।
যেকোনো ডিসিপ্লিন থেকে যে কেউ এসে বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত। ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা যেন শুধুমাত্র ডুয়েটে নয় বরং সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে সে ব্যবস্থা থাকা উচিত। সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চতুর্থ শিল্প বিপ্লবের অজানা ভবিষ্যতের নতুন কর্মসংস্থানের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করার আহ্বান জানান।