
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হতে পারে। যারা সরকারের সুযোগ-সুবিধা ভোগ করছে তারাই শুধু সরকারি জোটে ভোট দেবে। আর নির্বাচন সুষ্ঠু হলে নির্যাতিত-নিপীড়িত বিশাল জনগোষ্ঠী বিরোধী জোটে ভোট দেবে। তাই জাতীয় পার্টির অবস্থান পরিষ্কার। জাতীয় পার্টি সাধারণ মানুষের কাতারে নেতৃত্ব দেবে। রোববার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতি করছে। কিন্তু দেশের মানুষ জানে আওয়ামী লীগ ও বিএনপি অচল মুদ্রার এপিঠ ওপিঠ। তাই জাতীয় পার্টির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আগামী নির্বাচনে। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর ভরসা রাখতে চায়, সেজন্য জাতীয় পার্টিকে আরও সুসংহত করতে হবে। নির্বাচন এলে কিছু মানুষ সরকারি দলের দালালি করতে চায়। যারা দালালি করবে জাতীয় পার্টিতে তাদের জায়গা হবে না।