
নিউজ ডেস্কঃ বৈশ্বিক খাদ্য সংকটের কথা তুলে ধরে তার প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশবাসীকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সারা বিশ্বব্যাপী জিনিসের দাম বেড়ে গেছে। এর ধাক্কাটা তো আমাদের লাগবে। এজন্য আমাদের এখানে কি করা উচিত। আমি বলবো, আমার অফিসে এবং যারা বেসরকারি খাত রয়েছেন আমাদের কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে।’। তিনি বলেন, ‘এই উৎপাদন এজন্য করতে হবে যে করোনা ভাইরাস যখনই দেশে এসেছে তখন থেকে আমার এই ধারণা ছিল যে সামনে আমাদের খুব খারাপ দিন, পৃথিবীতে খারাপ দিন আসবে। খাবারের অভাবটা ব্যাপক দেখা দেবে, খাদ্য ঘাটতিটা হবে।’ ‘সেজন্য আমি সব সময় বলছি যে যার যতটুকু জমি, দরকার হলে ছাদ বাগান থেকে শুরু করে, নিজের খাদ্যটা নিজে উৎপাদন করা, অর্থাৎ খাদ্যে যেন আমরা সব সময় স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। ওই ধাক্কাটা যেন আমাদের দেশে না এসে পড়ে।’