
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুল রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক দরদি। কৃষির প্রতি তাঁর অগাধ ভালোবাসা রয়েছে। প্রণোদনা দিয়ে প্রধানমন্ত্রী কৃষকদের মেশিন দেয়ার কারণে তারা হাওরে ধান কাটতে পারছেন। আর কোনো বিপর্যয় বা বৃষ্টি না হলে আগামী ৪-৫ দিনের মধ্যে মোটামুটি ধান ঘরে তুলতে পারবেন কৃষকেরা। ১৩ লাখ টন যদি ধান তুলতে না পারা যায়, তাহলে সার্বিক খাদ্য নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে না। এতে খাদ্যের কোনো সংকট হবে না।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, বোরো মৌসুমে আমাদের সর্বোচ্চ ধান প্রায় দুই কোটি টন উৎপাদন হয়। আগে আমন প্রধান ফসল থাকলেও এখন আমন কমে গিয়ে ১ লাখ ৫৮ লাখের মতো উৎপাদন হয়। সেচসহ চাষাবাদের বিভিন্ন সুবিধা পাওয়ায় আমাদের বোরো উৎপাদন অনেক বেড়ে গেছে। হাওর এলাকায় ১২-১৩ লাখ টন ধান হয়। আগাম বন্যায় বাঁধ ভেঙে হাওরের সাড়ে সাত হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার ও কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা খুবই তৎপর ছিল। এছাড়াও প্রশাসন অনেক কাজ করেছে। বাঁধগুলো এখন রক্ষা পেয়েছে। ধান কাটার জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছি।