
নিউজ ডেস্কঃ ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী রাইসিনা ডায়ালগে অংশগ্রহণের উদ্দেশে সোমবার (২৫ এপ্রিল) ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২৫ থেকে ২৭ এপ্রিল নয়াদিল্লির তাজ প্যালেসে এই ডায়লগ অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী প্যানেল আলোচনায় স্পিকার হিসেবে অংশ নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করবেন।
রাইসিনা ডায়ালগ হচ্ছে, একটি বহুপাক্ষিক ফ্ল্যাগশিপ সম্মেলন। এই ডায়ালগ আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং ভূ-অর্থনীতির বিষয়ে ২০১৬ সাল থেকে প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। ডায়ালগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বেসরকারি খাতের প্রধান নির্বাহী এবং স্থানীয় সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন বৈশ্বিক নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। আইসিটি প্রতিমন্ত্রী ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি (এমইআইটি) মন্ত্রী এবং ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।