
নিউজ ডেস্কঃ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’, ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ লোকোমোটিভের (ইঞ্জিন) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এগুলো উদ্বোধন করেন। এ সময় কমলাপুর স্টেশনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ মন্ত্রণালয় ও রেলপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেকোনো দুর্যোগেও রেল এখন সেবা দিয়ে যাচ্ছে। মানুষ পরিসেবার ক্ষেত্রে রেলকেই এখন প্রথম পছন্দ হিসেবে রাখছেন। নতুন এই পরিসেবাগুলো যুক্ত হওয়ার ফলে রেলসেবা আরও সুন্দর ও উন্নত হবে। ঈদ সামনে রেখে মানুষ সুন্দরভাবে ঘরে ফিরতে পারবে। আর জাদুঘরের মাধ্যমে জানতে পারবে দেশের ইতিহাস। ঈদের পর বঙ্গবন্ধু রেল জাদুঘর সবার জন্য খুলে দেওয়া হবে। রেলপথে এ ভ্রাম্যমাণ জাদুঘর সারা দেশে ঘুরবে। বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ আর ইতিহাস সমন্বয়ে এ জাদুঘর নির্মাণ করা হয়েছে।