News71.com
 Bangladesh
 27 Apr 22, 10:32 PM
 367           
 0
 27 Apr 22, 10:32 PM

এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন।।রুটিন প্রকাশ

এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন।।রুটিন প্রকাশ

নিউজ ডেস্কঃ ২০২২ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। এতে দেখা যায়, আগামী ১৯ জুন তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৬ জুলাই। আর ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলামের সই করা সময়সূচি প্রকাশ করা হয়। প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া হলেও করোনা মহামারির কারণে এ বছর পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষার নির্দেশনায় বলা হয়- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল/রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে। সব শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন