
নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও ইভ্যালির সাবেক এমডি মো. রাসেল এবং সাবেক চেয়ারম্যান শামীমা নাসরীনের আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য সরবরাহে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত নিযুক্ত ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদের কাছে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। ইভ্যালির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর মিলনের করা দুটি আবেদনের শুনানির নিয়ে বুধবার (২৭ এপ্রিল) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া ইভ্যালি ও ইভ্যালির সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকের আর্থিক লেনদেনের চেক সংক্রান্ত মামলায় আদালত গঠিত বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালকদের নামে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে থাকলে, নেগোশিয়েবল ইনসট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারা অনুযায়ী সেসব সমন-পরোয়ানা বাতিল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব জেলা ও দায়রা জজ, মুখ্য মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম ও মুখ্য বিচারিক হাকিমকে এ নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদালতে বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী মোরশেদ আহমেদ খান। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।