
নিউজ ডেস্কঃ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষাখাতে অনেক এগিয়েছে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা। মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ভাষা-সাহিত্যেও পাণ্ডিত্য অর্জন করতে হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ব্যাপক ভূমিকা রাখতে পারবে।
শনিবার (৭ মে) সকালে লোহাগাড়া উপজেলায় ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতিপ্রাপ্তি উপলক্ষে শুকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকার মাদ্রাসা শিক্ষার জন্য আন্তরিক জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, দুই বা চার লাইন ইংরেজি জানলে গৌরব করা যাবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছোটবেলায় আমার বাবা আমাকে মাখরাজ শিখিয়েছেন। প্রতিবছর ৩ হাজার ৮৪০ কোটি টাকা মাদ্রাসা শিক্ষার জন্য ব্যয় হচ্ছে। আমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে। ছেলে সন্তানদের আলোকিত মানুষ করতে হলে সব ধরনের ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন হতে হবে। জাতিসংঘের অন্যতম ভাষা হলো আরবি।