
নিউজ ডেস্কঃ একটা মহল সরকার উৎখাতের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।শনিবার (০৭ মে) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, ‘কিছু মানুষ আছে, দল-টল করার চেষ্টা করছে। নানা কথা বলছে, রোজই সরকার উৎখাতের চেষ্টা করছে। এখানে আমার একটা প্রশ্ন- তারা যে সরকারকে উৎখাত করতে চায়, আমাদের অপরাধটা কি? কোথায় আমরা ব্যর্থ হয়েছি?’এ সময় সাধারণ মানুষ দেশের উন্নয়ন বুঝলেও ‘অতিজ্ঞানী’ একটা শ্রেণি সরকারের উন্নয়ন বোঝে না মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘তারা শুধু ব্যর্থতাই দেখে। অথচ দেশের মানুষের আর্ত-সামাজিক উন্নয়ন হয়েছে। দেশ উন্নয়নশীল, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র বিমোচন করতে সক্ষম হয়েছি। যেখানে ৪০ ভাগ ছিল আমরা ২০ ভাগে নামিয়ে এনেছি। দারিদ্রের হার এমন ভাবে কমে গেছে যেটা সারা বিশ্ব বিস্মিত হবে।’একটা মহল ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে অভিযোগ করে বেড়াচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যত বদনাম দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে বলে বেড়ায়। তাদের আকাঙ্খা বিদেশ থেকে কেউ এসে কোলে করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। অতীতে এ রকম ঘটনা ঘটেছে। তবে এখনকার বাংলাদেশে সেটা আর পারবে না।’