News71.com
 Bangladesh
 14 Nov 22, 11:38 PM
 123           
 0
 14 Nov 22, 11:38 PM

প্রয়োজনে মাদ্রাসা কমিশন তুলে দেব।। বিচারপতির হুঁশিয়ারি

প্রয়োজনে মাদ্রাসা কমিশন তুলে দেব।। বিচারপতির হুঁশিয়ারি

নিউজ ডেস্কঃ বহু বছর ধরে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষা হয় না। শেষ পরীক্ষা হয়েছে বাব শাসনের আমলে। তারপর থেকে সেইসব উত্তীর্ণ হাজার হাজার প্রার্থীর চাকরি দিতেই হিমশিম খাচ্ছে মমতার সরকার। যারা পাচ্ছেন তাদের বিরুদ্ধে চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। ধরা পড়েছেন অনেকে। এখনও বহু অধরা। নিয়োগ দুর্নীতিতে জেল খাটছেন রাজ্যের নেতা, মন্ত্রী ও শিক্ষাপর্ষদের কর্তারা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চরম অস্বস্তিতে মমতার প্রশাসন। ২০০৯ সালের টেট (প্রাইমারি শিক্ষক) নিয়োগ পরীক্ষা এবং ২০১৪ ও ২০১৭ সালের এসএসসির (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দুর্নীতির পর সম্প্রতি সামনে এসছে মাদ্রাসা সার্ভিস কমিশনের (এমএসসি) দুর্নীতি। তারা সংখ্যায় কম হলেও সরগরম বাংলার শিক্ষামহল। দুর্নীতির তদন্তে ইতোমধ্যে মাঠে নামছে সিবিআই। প্রসঙ্গত, স্কুলে নিয়োগের ক্ষেত্রে যেমন স্কুল সার্ভিস কমিশন রয়েছে, তেমনই মাদ্রাসায় নিয়োগের জন্য বাম আমলে ২০০৮ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি হয়। টেট দুর্নীতি মামলায় ইতোমধ্যেই ২৭০ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই পরিস্থিতিতে মাদ্রাসা সার্ভিস কমিশনেও দুর্নীতির খোঁজ পেতেই তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিচারপতিকে। নতুন করে আর কোনো দুর্নীতির খোঁজ পেলে প্রয়োজনে মাদ্রাসা কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন