
নিউজ ডেস্কঃ সরকারের বিরুদ্ধে জনগণ আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির গঠিত মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এরা (সরকার) কত কাপুরুষ, কাওয়ার্ড দেখেন। এই যে সমাবেশগুলো হচ্ছে প্রত্যেকটা সমাবেশ কত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এরমধ্যেও তারা আমাদের ৫শ এর অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে ফেলেছে, মিথ্যা মামলা দিচ্ছে। আবার গায়েবি মামলা দেওয়া শুরু হয়েছে। ১৫ বছর ধরে তো এই মামলা বহু দিয়েছে, ১৫ বছর ধরে বহু মানুষ খুন করেছে, ৬শ মানুষকে গুম করে দিয়েছে। এতে করে রোখা যাবে না। রোখা কী গেছে? যায়নি। এখন আবার অত্যন্ত তীব্র আগ্নেয়গিরির মতো সব ফুঁসে উঠছে মানুষ। এটাই ফুঁসে উঠবে। এই ফুঁসে উঠার মধ্য দিয়েই এই সরকারের পতন হবে। আমরা বিশ্বাস করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।