
নিউজ ডেস্কঃ মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বোমার বিস্ফোরণ ঘটানো হলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আহত হয়েছেন অন্তত ১০ জন। আশঙ্কাজনক অবস্থায় ওসি শামীম হোসেনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে ফাঁসিয়াতলা এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালকিনি থানার ওসি শামীম হোসেনসহ পুলিশের একটি দল। এ সময় উভয়পক্ষের লোকজন বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে বোমার আঘাতে আহত হন ওসি শামীম হোসেন, এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের আরও ৮ জন। আহত শামীম হোসেনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।