
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এবিজি লিমেটেডের যাত্রা শুরুর মাহেন্দ্রক্ষণটিকে বিশেষ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সিএসইর পরিচালক মেজর (অব.) মো. এমদাদুল ইসলাম। রোববার (২০ নভেম্বর) সিএসই ও এবিজি লিমিটেডের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। এমদাদুল ইসলাম বলেন, আজকে ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে এবং ক্রান্তিকালে আমি আপনাদের সামনে একজন গৌরাবান্বিত চট্টগ্রামের সন্তান হিসেবে দাঁড়িয়ে আছি। আজকের এই অনুষ্ঠানে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই আয়োজনটি আমাদের জাতির জন্য, আমাদের অর্থনীতির জন্য, আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য একটি বিশেষ পদক্ষেপ। বসুন্ধরা গ্রুপ ও এবিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, একজন মানুষ আজ দুরন্ত সাহস নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি তাকে বলেছি, হিমালয়ে চড়ার জন্য অর্থনীতির এক শেরপা তিনি। তার নাম সায়েম সোবহান আনভীর।