
নিউজ ডেস্কঃ আগামী রোববার সচিব সভায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক সংকটের মধ্যে এই সচিব সভাকে গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। সভায় খাদ্য ও জ্বালানি সংকটের বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী সচিবদের দিক-নির্দেশনা দেবেন। করোনা মহামারির পর এবারই প্রথম প্রধানমন্ত্রী সশরীরে সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সবশেষ গত বছরের ১৮ আগস্ট সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি ওই সভায় অংশ নেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সব সচিব উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক সংসটের মধ্যে এবারের সচিব সভায় খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত নিয়ে আলোচনা হবে। কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারের জোগান নিশ্চিত করা; পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে করণীয় ঠিক করা সভার আলোচ্যসূচিতে রয়েছে।