
নিউজ ডেস্কঃ প্রণোদনা ও সুবিধা দেওয়ার পরও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় ফেরেনি। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে ২০২১-২২ অর্থবছরের নভেম্বর মাসের চেয়ে বেশি এবং তার আগের ২০২০-২১ অর্থবছরের নভেম্বর মাসের চেয়ে কম। রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রেমিট্যান্স বৃদ্ধির জন্য প্রণোদনার পাশাপাশি দেওয়া হচ্ছে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে সবশেষষ চলতি মাসের শুরুতে ব্যাংক ও মানি এক্সচেঞ্জ হাউজগুলোর চার্জ ফি মওকুফ করা হয়। তারপরও রেমিট্যান্স প্রবাহে আশানুরূপ ফল মেলেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ মার্কিন ডলার। আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৩৯ লাখ মার্কিন ডলার।