
নিউজ ডেস্কঃ বিএনপি সরকারের আমলে জঙ্গিবাদের সূত্রপাত। তারাই শায়খ আবদুর রহমান, বাংলাভাইকে সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, হাওয়া ভবন থেকে জঙ্গিদের ইন্ধন দেওয়া হতো। তারাই জঙ্গিদের সৃষ্টি করেছে। আর আমরা (আওয়ামী লীগ) জঙ্গিবাদের বিরুদ্ধে। আদালতে কারা জঙ্গিদের ছিনিয়ে নিয়েছে, সেটার তদন্ত চলছে। অপেক্ষা করুন তদন্তে বের হয়ে আসবে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এমন মন্তব্য করেন সেতুমন্ত্রী। জেলা স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল মিথ্যাচার করছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ফখরুলের মুখে এতো মধু, কিন্তু অন্তরে বিষ। তাই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে। এগুলো ফখরুলদের সহ্য হয়না। প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। বলে- ‘প্রধানমন্ত্রী নাকি বলেছ দেশে দুর্ভিক্ষ হবে’। প্রধানমন্ত্রী এমন কথা বলেনি। বৈশ্বিক পরিস্থিতিতে উনি বিশ্ব নেতাদের এখনই সর্তক হতে বলেছেন। কিন্তু বাংলাদেশে দুর্ভিক্ষ হবে- এমনটা প্রধানমন্ত্রী বলেননি। আমাদের ৩৬ হাজার বিলিয়ন ডলার রিজার্ভ আছে। ৬ মাসের ব্যবস্থা আছে। একটা দেশ চলার জন্য তিন মাসের রিজার্ভ থাকলেই যথেষ্ট।