
নিউজ ডেস্কঃ অচিরেই ঢাকা একটি নান্দনিক শহরে রূপ নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।.বুধবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ জিগাতলায় ভূগর্ভস্থ ক্যাবল (বিদ্যুৎ) সংযোগ লাইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডিএসসিসি মেয়র বলেন, ঢাকার ভিতরের এই জঞ্জাল (বিদ্যুৎ ও অন্যান্য তার) যদি আমরা অপসারণ করতে পারি, অচিরেই এই ঢাকা একটি নান্দনিক শহরে রূপ নেবে। এখানে অনেক প্রতিকূলতা ছিল। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় না থাকলে সমস্যার সৃষ্টি হয়। এটাতেও প্রথমে বড় আকারে অবকাঠামো বা রিং মেইন ইউনিট (আরএমইউ) বক্সের নকশা ছিল। পরে সমন্বয় করে তা ছোট করা হয়েছে। সমন্বয়ে ২৪১টি আরএমও (বক্স) এর পরিবর্তে প্রযুক্তির মাধ্যমে ২৮টি আরএমও (বক্স) ব্যবহারে কাজ সম্পন্ন করা হচ্ছে। এতে রাস্তায় হাঁটা-চলার সমস্যা কমবে।.তিনি বলেন, আমরা রাজধানীবাসীকে একটি সুন্দর ঢাকা উপহার দিতে চাই। সেই লক্ষ্যে হাঁটার পথে কোনওরকম প্রতিবন্ধকতা যেন না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। আজকের এই কার্যক্রমের সুফল ঢাকাবাসী পাবে, ধানমন্ডিবাসী পাবে। তাদের মাথার উপরের জঞ্জালও যাবে, রাস্তাতেও হেঁটে শান্তি পাবে।