
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম জানিয়েছেন, চলতি বছরের শুরুতে দু’দেশের মধ্যে প্রথম প্রতিরক্ষা সংলাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। শিগগিরই দ্বিতীয় প্রতিরক্ষা সংলাপ শুরু হবে। সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২২ নভেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সশস্ত্র বাহিনীর সদস্যসহ বীর শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২২’ পালন করে। এ উপলক্ষে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল মূল্যবোধ ভিত্তিক বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য এবং দূরদর্শী নেতৃত্বে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক গত এক দশকে আরো সুদৃঢ় হয়েছে। একইসঙ্গে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন সহায়তা-কেন্দ্রিক থেকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে।