
নিউজ ডেস্কঃ গুজবে কান দিয়ে ব্যাংক থেকে টাকা না তোলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরে টাকা রেখে তো চোরকে সুযোগ করে দেওয়া, তাই না? চোরের পোয়াবারো। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, একটা গুজব ছড়াচ্ছে টাকা ব্যাংকে নেই, টাকা পাবে না। সবাই টাকা ব্যাংক থেকে তুলে ঘরে রাখে। ঘরে টাকা রেখে তো চোরকে সুযোগ করে দেওয়া, তাই না? চোরের পোয়াবারো। তারা বেশ ভালোভাবে জানবে ওই বাড়িতে টাকা আছে, যাই চুরি করি। এখন সে চোরের হাতে তুলে দেবে না ব্যাংকে টাকা থাকবে, সে টাকার মালিক যারা তাদের ওপর নির্ভর করে। রিজার্ভ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, কিছুদিন থেকে শুনতেছি যে আমাদের দেশের সবাই রিজার্ভ ও অর্থনীতি সম্পর্কে ভীষণভাবে পারদর্শী হয়ে গেছেন। গ্রামে গ্রামে চায়ের দোকানেও রিজার্ভ নিয়ে কথা। রিজার্ভ নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে শেখ হাসিনা বলেন, আমাদের এখন যে রিজার্ভ তাতে তিন মাস না, আমরা পাঁচ মাসের আমদানি করতে পারি। সেই পরিমাণ অর্থ আমাদের কাছে আছে।