News71.com
 Bangladesh
 30 Nov 22, 10:50 PM
 154           
 0
 30 Nov 22, 10:50 PM

১০ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশস্থল নিয়ে রাজনৈতিক চাপান-উতর॥

১০ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশস্থল নিয়ে রাজনৈতিক চাপান-উতর॥
নিউজ ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বর রাজধানি ঢাকায় বিএনপির সমাবেশস্থল নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনে চাপান-উতর। সমাবেশের স্থান নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তর্কযুদ্ধ। সর্বশেষ পুলিশের পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনেই হবে।’ সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করে ভেন্যু পরিবর্তন করে পাল্টা সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনে সরকারের কাছেই সহযোগিতাও চাইলেন বিএনপি মহাসচিব। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা এক মাস আগে পার্টির তরফ থেকে চিঠি দিয়ে বলে দিয়েছি যে, আমরা নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ করতে চাই। এখানে জাতীয় সমাবেশ হয়েছে, মহাসমাবেশ হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে সভাপতিত্ব করেছেন। ২০ দলীয় জোটের সমাবেশ হয়েছে। কোনো দিন কোন সমস্যা হয়নি। সুতরাং আমরা যে ডিক্লেয়ার দিয়েছি, সেই অনুযায়ী নয়াপল্টনেই সমাবেশ করব। সেটা করতে যা ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থা সরকার করুন।’  সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দয়া করে সংঘাতের পথে যাবেন না, উসকানি দেবেন না। রাষ্ট্রকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না। সিদ্ধান্ত বদল করে নয়াপল্টনেই যেন শান্তিপূর্ণ সমাবেশ হতে পারে সেই ব্যবস্থা করুন। শান্তিপূর্ণ উপায়ে আমরা সমাবেশ করতে চাই। আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন।’ তিনি বলেন, ‘আমি আবার পরিষ্কার করে বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে সমাবেশ করব।জনগণ জেগে উঠেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এইটা শুধু বিএনপির আন্দোলন নয়। শুধু খালেদা জিয়ার আন্দোলন নয়, তারেক রহমানের আন্দোলন নয়। এটা সমগ্র জনগণের আন্দোলন।
 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন