
নিউজ ডেস্কঃ এতদিন দেশের গ্যাস-বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ে দর বাড়ানো-কমানোর একক সিদ্ধান্ত নিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ ২০২২ সংশোধনের কারণে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেল সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন), অধ্যাদেশ, ২০২২ গেজেট আকারে প্রকাশের মাধ্যমে জারি করা হয়। এর ফলে গ্যাস বিদ্যুতের নিয়ন্ত্রক সংস্থাটির ক্ষমতার লাগাম টেনে ধরেছে সরকার। বিদ্যুৎ ও গ্যাসের দর বাড়ানোর কাজটি এখন থেকে সরকার করবে। এর আগে গত ২৮ নভেম্বর অধ্যাদেশের খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এটি অধ্যাদেশ আকারে জারি করেছেন। অধ্যাদেশের মূল সংশোধনে বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার প্রজ্ঞাপন দিয়ে ভর্তুকি সমন্বয়ের জন্য জনস্বার্থে কৃষি, শিল্প, সার, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এসবের উৎপাদন, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে।