
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ জনগণের দল উল্লেখ করে দলটির প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগ মানেই জনগণের সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিল তিল করে দলটিকে তৈরি করেছিলেন। সেই দল আওয়ামী লীগকে দুর্বল ভাববেন না, শেখ হাসিনাকে দুর্বল ভাববেন না। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন এ কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মহানগরীর কুমাপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়। এরপর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে ফায়ার সার্ভিস মোড় ঘুরে ঘোষপাড়া হয়ে মালোপাড়া হয়ে ‘জয় বাংলা চত্বর’ হয়ে সাহেববাজার জিরোপায়েন্ট বড় মসজিদের সামনের চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, বিজয়ের এ মাসে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিশাল মিছিল ও সমাবেশের মাধ্যমে আরেকটি ইতিহাস সৃষ্টি করলো। এ মানুষগুলোকে মাদ্রাসা মাঠে ঢোকালে মাদ্রাসার মাঠ ভরপুর হয়ে যাবে। যেটার জন্য বিএনপি কয়েকদিন ধরে ঢাকঢোল বাজিয়ে রাজশাহীর আটটি জেলা ভাড়া করে লোকজন নিয়ে এসে তারা মাঠে ভর্তি করে দেখাতে চায়। আসুন দেখুন, মাত্র একদিনের নোটিশে আমরা কী রকম বড় মিছিল ও সমাবেশ করতে পারি। আমরা কেবল রাজশাহী মহানগর এ আয়োজন করেছি। জেলা ও অন্যান্য জেলাকে আলাদাভাবে প্রোগ্রাম করতে বলেছি।