
নিউজ ডেস্কঃ করোনা মহামারি কাটিয়ে দীর্ঘ দুই বছর পর কলকাতায় দশমবারের মতো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা। শুধু বাংলাদেশের বইয়ের পসরা নিয়ে কলকাতায় শেষ বইমেলা হয়েছিল ২০১৯ সালে। শুক্রবার (২ ডিসেম্বর) এই বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজরুল ইসলাম। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ঢাকার সম্মিলিত উদ্যোগে চলতি বছর এ মেলার আয়োজন করা হয়েছে কলকাতার বইপাড়া বলে পরিচিত কলেজ স্ট্রিট সংলগ্ন কলেজ স্কোয়ার প্রাঙ্গণে। ১০ম বাংলাদেশ বইমেলা চলবে ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। মেলা চলবে দুপুর ১টা থেকে রাত ৮টা অবধি।