
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে বিএনপি পুরোনো রূপে ফিরে এসেছে। তাদের জ্বালাও পোড়াও ধরা পড়েছে। এতোদিন বিএনপি বলছিল পুলিশ নাকি তাদের নামে আজগুবি মামলা করে। গতকাল নারায়ণগঞ্জে একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতুল্লায় এমনকি শহরেও বোমা মেরেছে। আমাদের ওপরও হামলা হয়েছিল তবে বেঁচে গেছি, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল পা হারিয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত সেলিম ওসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হকের কাছে নারায়ণগঞ্জে একটি হার্ট ইনস্টিটিউটের আবদার করে শামীম ওসমান বলেন, আজ আমি আপনার কাছে হাতজোড় করে ভিক্ষা চাচ্ছি, নারায়ণগঞ্জে কোনো হার্ট ইনস্টিটিউট নেই। আপনি যদি নেত্রীকে এটা বলেন, তাহলে এটা হবে বলে আমি বিশ্বাস করি। কারণ নারায়ণগঞ্জে হার্টের কোনো চিকিৎসা নেই। যতক্ষণ আমার বড় ভাই আমার এ হাত দুটো খুলে না দেবেন ততক্ষণ আমি এখানে হাতজোড় করে দাঁড়িয়ে থাকবো।