
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় মানদৌস কেটে যাওয়ায় শান্ত হচ্ছে সাগর। এজন্য সব সমুদ্রবন্দর থেকে নামিয়ে ফেলা হয়েছে সতর্কতা সংকেত। আর দুপুরের পর মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো গভীর সাগরে যেতে পারবে। শনিবার (১০ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় “মানদৌস” উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এটি আরও দুর্বল হয়ে সকাল ৬টায় গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ দুপুর পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।নিম্নচাপের বর্ধিতাংশ উত্তর বঙোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায়।